শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি সার্ভিস নয় ঘণ্টা পর বুধবার সকাল ১০টায় সচল হয়েছে। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শাহ মো. খালেদ শাহ নেওয়াজ জানান, হঠাৎ রাত ১টায় কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এ সময় নৌ-চ্যানেলের মার্কিং বয়াবাতি দৃষ্টিহীন হওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৬টি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয়। কুয়াশা কেটে যাওয়ার পর বুধবার সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দীর্ঘ ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে নাইট কোচসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ছোট-বড় যানবাহন আটকা পরে। যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে পারাপার স্বাভাবিক হওয়ার পর যানজট হ্রাস পাচ্ছে।
