ব্রাজিলেও নেইমারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১২
সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়ার পর যেন আইনি ঝামেলা পিছুই ছাড়ছে না নেইমারের। গতকাল স্প্যানিশ আদালতে হাজিরা দেয়া নেইমারের বিপক্ষে অন্তত চারটি অর্থ জালিয়াতি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলিয়ান প্রসিকিউটররা।
 
ব্রাজিলিয়ান প্রসিকিউটররা অভিযোগ করেছেন নেইমারকে যাতে কম কর দিতে হয় সেজন্য ভুয়া কোম্পানি গঠন করা হয়। ব্রাজিলের কর্মকর্তারা জানিয়েছেন, নেইমারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিস্তৃতি ২০০৬ সাল থেকে নেইমারের বার্সেলোনার যোগ দেয়ার বছর ২০১৩ পর্যন্ত বিস্তৃত। তবে এই অভিযোগগুলো মঙ্গলবার স্প্যানিশ আদালতে শুনানি হওয়া অভিযোগগুলো থেকে ভিন্ন।
 
গতকাল মাদ্রিদের একটি আদালতে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়ার সময় ১৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেয়ার অভিযোগে আদালতের মুখোমুখি হয়েছিলেন নেইমার। নেইমার বরাবরের মতোই কোনো অপরাধ করেননি বলে আদালতকে জানিয়েছেন। বিবিসি।