নতুন জামার বদলে এলো বাবার লাশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫
এবার মেয়ের জন্য নতুন জামা নিয়ে বাড়ি আসবেন- এমন কথা দিয়ে বাবা মামুনুর রশিদ। বাবা ফিরেও আসলেন, তবে লাশ হয়ে। 
 
জয়পুরহাট সদর উপজেলার বড়তাজপুর আকন্দপাড়া গ্রামের মৃত তফেজ উদ্দিন সোনারের ছেলে মামুনুর রশিদ (৪৭) সংসারের অভাব মেটাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। ৭-৮ বছর ধরে এ কাজ করে সংসার চালাতেন। ঢাকা থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পরেও মাঝে মাঝে  বাড়িতে যেতেন। ১৫ আগেও বাড়ি যান মামুন। তিনি এবার বাড়িতে যাওয়ার সময় মেয়ের জন্য নতুন জামা নিয়ে যাবেন- এমন কথা দিয়েছিলেন বলে কান্না জড়িত কন্ঠে জানান মেয়ে মারিয়া। কিন্তু নতুন জামার বদলে ফিরে আসা বাবার লাশ দেখে বাকরুদ্ধ মারিয়াসহ পরিবারের সবাই। 
 
তাকে নির্মমভাবে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঢাকার সুবাড্ডা চিতাখোলা নামক স্থানে লাশ পাওয়া যায় মামুনুর রশিদের। একই সঙ্গে অটো রিকশা চালাতেন সদরের হেলকুন্ডা এলাকার জাকারিয়া। দক্ষিণ কেরানীগঞ্জের মধ্য চড়াইল ক্লাব মাঠের জনৈক মোশারফ আলীর গ্যারেজ থেকে সোমবার বিকালে দু’জনেই অটো-রিকশা নিয়ে বের হয়ে যান। এরপর রাত ১০ টার দিকে জাকারিয়া ফিরে আসেন। মামুন ফিরে না আসায় বার বার ফোন দিয়েও বন্ধ পাওয়া যায় মামুনের মোবাইল। অনেক খোঁজাখুজি করেও মামুনের সন্ধান আর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে গ্যারেজ মালিকের কাছে ফোন আসে মামুনের লাশ পাওয়া গেছে। 
 
সোমবার আছরের নামাজের সময় মামুন বিকাশ করে ৫০০ টাকা পাঠিয়েছে বলে জানান স্ত্রী অজিফা খাতুন। এরপর স্বামীর সঙ্গে আর কোনো কথা হয়নি। মঙ্গলবার জাকারিয়ার মাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি পেয়েছেন বলে জানান। ময়না তদন্ত শেষে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় মামুনের লাশ বাড়িতে নেয়া হয়।