আক্কেলপুরে গুলিবিদ্ধ ডাকাত আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৬
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়ার গ্রামের একটি বাঁশ ঝারের ভেতর থেকে ডাকাতির সময় পুলিশের গুলিতে আহত ডাকাত সাজুকে  (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, গুলিবিদ্ধ আটক ডাকাত সাজু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজস গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি ব্রিজের কাছে রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয় ৭-৮ জনের একদল ডাকাত। এ সময় টহল পুলিশের গাড়ি এসে ওই স্থানে থামলে ডাকাতরা আক্রমনের চেষ্টা করে। পাল্টা জবাবে পুলিশও শর্টগানের ২ রাউন্ড গুলি ছোড়ে। এ অবস্থায় ডাকাতরা পালিয়ে যায়। 
 
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রোয়ার গ্রামের একটি বাঁশ ঝারের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সাজুকে লুকিয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গুলিবিদ্ধ ওই ডাকাতকে আটক করে আক্কেলপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে বলে ওসি সাজ্জাদুর রহমান রহমান ইত্তেফাককে জানান।