বেড়ায় এক ট্রাক কম্বল ও ইয়াবাসহ ইউপি সদস্য আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৭
পাবনার বেড়ায় এক ট্রাক কম্বলসহ সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সোহেল রানা জাকাতকে আটক করেছে বেড়া মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বেড়া বাজার খেকে পুলিশ তাকে আটক করে। বুধবার সকালে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
 
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল কম্বল ভর্তি ট্রাকটিকে আটকায়। এ সময় কোনো কাগজপত্র দেখাতে না পারায় চোরাই পণ্য সন্দেহে সোহেল রানা জাকাতকে আটক করে। তার পকেট থেকে ৬০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাতেই বেড়া মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। 
 
তিনি আরও জানান, সোহেল রানা জাকাত একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।