ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টায় দুইজন গ্রেফতার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৭
পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিনকে (৪৫) হত্যার চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের কোর্টে পাঠানো হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- নিশ্চিন্তপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫) ও মঙ্গলবাড়িয়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মিজানুর রহমানকে (৩৫)।  
 
এ দিকে ফরিদ উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে ও গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুরে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে পৌরসদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সভায় মিলিত হয়। 
 
সাবেক ছাত্রলীগ নেতা মো. আনোয়ার হোসেন আনারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. হেলাল উদ্দিন, যুবলীগ নেতা ইকরামুল হক টিপু প্রমুখ। 
 
উল্লেখ্য যে, গত ১৭ জানুয়ারি রাতে ছাত্রলীগ নেতা মো. ফরিদ উদ্দিন কুমারপুর গ্রাম থেকে মঙ্গলবাড়িয়া নিজ গ্রামের বাড়িতে মোটরসাইকেল যোগে যাবার পথে একদল দুর্বৃত্ত তাকে পথরোধ করে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।