উল্লাপাড়ায় ৩০ ডাকাত সদস্য গ্রেফতার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩০
উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে ৩০ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় একটি বাস জব্দ করা হয়।
 
আটককৃত ডাকাতরা হলো- টাঙ্গাইলের শাহ আলম (২৮), ভূয়াপুরের রঞ্জু খাঁ (২৫), আশুলিয়ার আলামিন (২৬), বাগেরহাটের আমিন মোল্লা (২৮), শাহজাহান মোল্লা (২৫), লিটন শেখ (২৭), মানিকগঞ্জের মহর আলী (২৬) ও স্বপন আলী (২৮), ঝিনাইদহের সবুজ বিশ্বাস (২৮), পাবনার তেবাড়িয়ার আলামিন (৩০) ও তেতুলিয়ার ফজলুল রহমানসহ (২৮) ৩০ জন।
 
শ্যামলীপাড়ার বাসস্টান্ডের লোকজন অভিযোগ করেন, এই কোচটির বেশিরভাগ যাত্রী ডাকাত। এরা সিরাজগঞ্জ রোড থেকে রাতের বেলায় বগুড়া, পাবনা, নাটোর ও টাঙ্গাইল রুটে যাত্রী তুলে তাদের নিকট থেকে টাকা-পয়সা, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। প্রায় ৪ মাস ধরে এ রুটে এই ধরনের ঘটনা ঘটছে।
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, বাস থেকে রাজধানী পরিবহন, রজনী গন্ধা পরিবহন, মিম ঐশী পরিবহন, এসবি পরিবহন, শাহ পরান পরিবহনসহ বেশ কয়েকটি আন্তঃজেলা কোচের নাম ফলক ও প্রচুর পরিমাণ দড়ি ও চাকু উদ্ধার করে।
 
আটককৃত ডাকাতরা জানান, তারা পাশে একটি করে সিট ফাঁকা রেখে বাসে বসত। যাত্রীরা উঠে এলে পাশের সিটে বসিয়ে তাদের নিকট থেকে সর্বস্ব কেড়ে নিয়ে বাস থেকে ফেলে দিতো। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।