গাংনীতে ডাকাতি, বোমার বিষ্ফোরণ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৪
মেহেরপুরের গাংনী উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ঢেপা গ্রামের পাঙ্গাসি পাড়ার শহিদুল ইসলামের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাতদল। এ সময় ডাকাতদলের হামলায় দুইজন আহত হয়েছেন।
 
স্থানীয়রা জানান, রাত একটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামের পাঙ্গাসি পাড়ার শহিদুল ইসলামের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ঘরের গ্রিলের তালা কেটে বাড়ির ভিতর প্রবেশ করে। ডাকাতদল এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করলে গ্রামবাসী টের পেয়ে তাদের ঘেরাও করে। পালানোর চেষ্টাকালে উসমান নামে এক ব্যক্তিকে  ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং  রেজাউল নামে এক ব্যক্তিকে  পিটিয়ে আহত করে ডাকাতদল। এ সময় তারা সাতটি বোমার বিষ্ফোরণ ঘটায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানার তিনটি টহল পুলিশ ও পরে গাংনী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,‘ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’