লিগ ওয়ানে জয়ের নতুন রেকর্ড গড়লো পিএসজি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪০
টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের নতুন রেকর্ড গড়েছে প্যারিস সেইন্ট জার্মেই। পার্ক ডি প্রিন্সেসে তারা লোরিয়েন্টকে ৩-১ গোলে পরাজিত করে এই রেকর্ড গড়ে।
 
কোচ লরা ব্লার বিবেচনায় কাল আকস্মিক ভাবে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন তারকা স্ট্রাইকার এডিনসন কাভানি। আর কোচের এই আস্থার দারুণ প্রতিদানও দিয়েছেন উরুগুয়ের এই তারকা। তার গোলেই ৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জাতান ইব্রাহিমোভিচের থ্রু বলে লোরিয়েন্ট গোলরক্ষক বেঞ্জামিন লিকোমটেকে পরাস্ত করে কাভানি গোল উৎসবে মাতিয়ে তুলেন পুরো স্টেডিয়ামকে। যদিও ১৯ মিনিটে স্ট্রাইকার মাজিদ ওয়ারিসের ব্যাক হিলে লেফট ব্যাক রাফায়েল গুয়েরেইরোর দারুণ গোলে সমতা ফেরায় লোরিয়েন্ট। 
 
বিরতির ১০ মিনিট পরে ইব্রাহিমোভিচের গোলে আবারো এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এটি ছিল লীগে ইব্রার ২০তম গোল। পিএসজি তাদের সেরা খেলা উপহার না দিলেও দলে ফেরা ফুল-ব্যাক লেভিন কুরজাওয়ার ৬৯ মিনিটের গোলে ৩-১ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি। 
 
রোববার সেইন্ট এটিয়েনের বিপক্ষে জয়ী হয়ে ২০ বছর আগে নানটেসের অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছিল পিএসজি। সেই ম্যাচ থেকে ছয়টি পরিবর্তন করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন ব্লা। টানা ১৪টি ম্যাচে জয়ের পরে ব্লা বলেছেন, ‘আজকের রাতে আমরা দারুণ আনন্দিত। এই রেকর্ড আসলেই আমাদের জন্য বিশেষ এক প্রাপ্তি। তবে ম্যাচ সম্পর্কে আমার অনুভূতি মিশ্র। নির্দিষ্ট কিছু সময়ে আমরা পুরো নিয়ন্ত্রণ নিতে পারিনি। কিন্তু এর দায়ভার আমিও সমানভাবে নিতে চাই। দল পরিবর্তনের পরে সমস্যা হওয়াটাই স্বাভাবিক।