লক্ষ্মীপুরের রায়পুরে মাদক তৈরির ৫টি কারখানা থেকে মাটি খুঁড়ে ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রায় ২ ঘণ্টা ব্যাপি বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরের মুচির হাটা এলাকা মাটির তৈরি ৮টি মোটকা থেকে এ মদ উদ্ধার করা হয়। এ সময় চন্দন মুচি ও সুরুন্দর মুচি নামের দু’জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ৫টি কারখানায় চোলাই মদ তৈরি করে পাইকারী ব্যবসা করে আসছে মুচিরা। গত দু’মাস আগে একটি অভিযান পরিচালনা করে বেশ কিছু মদ উদ্ধার হয়। পরে তারা পুলিশের চোখ ফাঁকি দিকে কৌশল অবলম্বন করে কাঁচা ঘরের ভিতিরে এক বুক মাটির নিচে মদ রেখে ফের ব্যবসা শুরু করে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে বিপুল পরিমান পুলিশ নিয়ে ওই এলাকার প্রতিটি মাটির ঘরে বিশেষ অভিযান চালানো হয়। পরে কয়েকটি ঘরের ভিতরে মাটি খুঁড়ে ৮টি বড় মাটির তৈরি মোটকায় ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মদ তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চন্দন মুচি ও সুরুন্দর মুচি নামের দু’জনকে আটক করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকাতা মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৌশল অবলম্বন করে পুলিশ চোখ ফাঁকি দিয়ে তারা ৫টি কারখানায় মদ তৈরি ও ব্যবসা করে আসছে। মাদকের সঙ্গে পুলিশ কোন আপোষ নেই। আটককৃত দু’জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
