জিকা ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট ও কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম।
যশোর জেলা সিভিল সার্জনের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোলে মেডিকেল কর্মিরা কাজ করছেন। জিকা ভাইরাসে আক্রান্ত কোন বিদেশি যাত্রী যাতে এ ভাইরাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। মাপা হচ্ছে যাত্রীদের শরীরের তাপমাত্রা। তবে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত কোন যাত্রী পাওয়া যায়নি।
চলতি মাসে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতসহ বিভিন্ন দেশের ৮৬৫ জন নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ভারতের ৮১৯ জন, অস্ট্রেলিয়ার ৪ জন, শ্রীলংকার ১ জন, বেলারুসের ২ জন, ব্রিটিশ ১, মালয়েশিয়ার ১০ জন, আমেরিকার ৮ জন, কানাডার ৯ জন, ইতালির ১ ও ইন্দোনেশিয়ার ১০ জন নাগরিক রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক প্রনয় কুমার সরকার বলেন, জিকা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা পাওয়ার পর আমরা সতর্ক অবস্থায় আছি। এ ভাইরাস বহনকারী কোন যাত্রী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য কড়া নজরদারী করা হচ্ছে।
