সৌদিতে এক কফিশপে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৪
সৌদি আরবে স্টারবাকসের একটি দোকানে বিভক্তি দেয়াল (জেন্ডার ব্যারিয়ার ওয়াল) ভেঙে পড়ায় নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। দোকানের জানালায় লেখা রয়েছে, ‘দয়া করে নারীরা প্রবেশ করবেন না। কোনো কিছুর জন্য আপনার গাড়িচালককে পাঠান।’
 
আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক নারী টুইট করেন যে, শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে স্টারবাকস। যেকোনো প্রয়োজনে একজন পুরুষকে পাঠাতে বলা হয়েছে।
 
স্থানীয় সংবাদমাধ্যম আল উইয়াম জানায়, দেশটির ধর্মীয় পুলিশ ‘কমিটি ফর প্রমোশন অফ ভার্চু্ এন্ড প্রিভেনশন অফ ভাইস’ দোকান কর্তৃপক্ষদের এই নির্দেশ দেয়। দোকানে বিভক্তিকরণ দেয়াল না থাকাতেই এই নির্দেশ।
 
স্টারবাকস কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের চাপেই দেয়াল ভেঙে যায়। সেটা মেরামতে দুই সপ্তাহ লাগবে। এ সময়টাকে প্রতিষ্ঠানটি সৌদি আরবের নিয়ম মেনেই তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
 
সৌদি আরবে নারীরা অনেক কিছু থেকেই বঞ্চিত এবং লিঙ্গ বৈষম্যের শিকার। তারা কোনো পুরুষ অভিভাবক ছাড়া গাড়ি চালাতে পারে না কিংবা ব্যাংক একাউন্ট খুলতে পারেনা। কর্মক্ষেত্রে কিংবা ভ্রমণে সবসময়ই পুরুষ অভিভাবকের প্রয়োজন তাদের। আর এবার তো কফিশপেই প্রবেশ করতে পারছে না সৌদি নারীরা। দ্য ইন্ডিপেন্ডেন্ট