ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটরিয়ামে বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসডি) শীর্ষক কনফারেন্স শুরু হয়েছে।
ইউল্যাবের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি)-এর উদ্যোগে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। টেকসই উন্নয়নবিষয়ক বাস্তব অভিজ্ঞতা, তথ্য-উপাত্ত নির্ভর গবেষণা ও গবেষণালব্ধ সুপারিশমালা সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সর্বোপরি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভুমিকা পালনের লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
IMG0
এবারের কনফারেন্সে টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, জেন্ডার, মাইগ্রেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ ১২টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে । শতাধিক গবেষণাপত্র থেকে নির্বাচিত ৪২টি গবেষণাপত্র দুই দিনব্যাপী এই কনফারেন্সে উপস্থাপন এবং আলোচনা করা হবে।
কনফারেন্সের উদ্বোধনী বক্তব্য রাখেন ব্র্যাকের ভাইস চেয়ানম্যান এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান পপুলেশন অ্যান্ড ফ্যামিলি হেলথ্-এর অধ্যাপক ড. এ মুশতাক আর চৌধুরী । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নেদারল্যান্ডের ইউনেস্কো আইএইচই ও আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ওয়াটার গভর্ন্যান্সের অধ্যাপক ড. মার্গারেট জুয়ার্টাভেন, জামার্নির ইউনিভার্সিটি অব কোলন-এর জিওগ্রাফী বিভাগের অধ্যাপক ড. বোরিস ব্রাউন, জাপানের কিয়োটো বিশ্বাবিদ্যালয়ের গ্লোবাল এনভায়রনমেন্টাল স্টাডিজের অধ্যাপক ড. রাজিব শ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব প্যারাদেনিয়ার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ই.আর. নিমাল গুনাওয়ারদেনা, নেদারল্যান্ডের ওয়াগেনিগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ সেন্টার (ডব্লিউইউআর)-এর স্যোশিওলজি অব ডেভেলপমেন্ট এ্যান্ড চেঞ্জ গ্রুপের অধ্যাপক ড. জেরোন ওয়ার্নার এবং ইউল্যাবের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি)-এর পরিচালক ও কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. হামিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘টেকসই উন্নয়ন ও জাতীয় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা : বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০” বিষয়ক একটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম।
