শুক্রবার শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমস। ভারতের শিলং ও গৌহাটিতে শুরু হতে যাওয়া গেমসের দ্বাদশ আসরের প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে শনিবার। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্দা নামবে গেমসের।
দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ এই ক্রীড়াযজ্ঞে অংশ নেবেন প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ। ২৩ ডিসিপ্লিনের এই প্রতিযোগিতায় বাজেট প্রায় ২০০ কোটি টাকার। মোট ১৭টি ভেন্যুতে হবে এসব ইভেন্ট।
এজন্য আসাম ও মেঘালয়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে এই এসএ গেমসে এক ডজন স্বর্ণপদক পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গেমসের ২৩ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নিচ্ছে ২২টিতে।
ডিসিপ্লিন গুলো হলো : আরচ্যারি, এ্যাথলেটিক্স, বক্সিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কাবাডি, শুটিং, সুইমিং, ভলিবল, তায়কোয়ানদো, ভারোত্তোলন, কুস্তি, সাইকিং, বাস্কেটবল, হ্যান্ডবল, ফুটবল, জুডো, টেনিস, হকি, খো খো, উশু ও স্কোয়াশ।
১৯৮৪ সালে প্রথম যাত্রা শুরু করে সাফ গেমস। পরে নবম আসরে নাম পরিবর্তন করে সাউথ এশিয়ান গেমস গেমস রাখা হয়। ভারতে তৃতীয়বারের মতো হচ্ছে এই প্রতিযোগিতা। এর আগে ১৯৮৭ ও ১৯৯৫ সালে সাফ গেমেসের আয়োজক ছিল দেশটি।
