প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না কোচ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:১৪
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম কোয়াটার ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ইতিমধ্যে এবারের বিশ্বকাপে চমক-দল হিসেবে আবির্ভূত হয়েছে এই সহযোগী দেশটি। তাদের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল বাংলাদেশ যুবদলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘নেপালের কি আছে না আছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের পরিকল্পনাগুলো নিয়ে ভাবছি, কিভাবে সেগুলো মাঠে বাস্তবায়ন করা যায়।’
 
নক আউট পর্বের খেলা শুরুর আগে গতকাল শেষ দিনের মতো প্রস্তুতি নেয় বাংলাদেশ ও নেপাল। এদিন মিরপুরে অনুশীলন শেষে বাংলাদেশ যুবদলের প্রধান কোচ নিজ দল সম্পর্কে বলেন, ‘আমাদের সব ঠিক রয়েছে। তবে ওপেনিং ব্যাটসম্যানদের দিক দিয়ে আমরা কিছুটা সমস্যায় পড়েছি, এটা নিয়ে আমরা কাজও করছি। আশাকরি, ইনশাল্লাহ সামনের ম্যাচে এটা ওভারকাম করতে পারবো। ওপেনাররা পুনরায় তাদের ?পুরনো ছন্দে ফিরে আসবে।’
 
প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের পরিকল্পনা মাঠে বাস্তবায়নের কথা জানিয়ে বাবুল বলেন, ‘তাদের কি আছে না আছে, এসব আমরা ভাবছি না। আমরা আমাদের পরিকল্পনাগুলো নিয়ে ভাবছি, কিভাবে সেগুলো মাঠে বাস্তবায়ন করা যায়। ওরা ছোট টিম কিংবা বড় টিম এরকম কোনো চিন্তা আমরা করতে চাচ্ছি না।’
 
নেপালের কোনো খেলা দেখার সুযোগ হয়েছে কিনা জানতে চাইলে বাংলাদেশ যুবদলের কোচ বলেন, ‘ভারতের বিপক্ষে নেপালের শেষ ম্যাচটির এক ঘণ্টা খেলা দেখার সুযোগ আমরা পেয়েছি। এরপর আমাদের অনুশীলন সিডিউল ছিলো। তবে ম্যাচের পুরো ভিডিও আমাদের কাছে আছে। আজকে আমরা পুরো ম্যাচটি দেখবো। দেখে যতটুকু ওদের সম্পর্কে ধারণা নেয়া যায়, তা ছেলেদের দিবো।’
 
এক প্রশ্নের জবাবে বাবুল বলেন, ‘অনেকে আসলে জানেই না নেপালের সঙ্গে আগে হেরেছিলো। ওই জিনিসগুলো আমরা ওদের সামনে উত্থাপন করতে চাই না। এটা ছোটদের টুর্নামেন্ট। এখানে ওই বিষয়গুলো ম্যাটার করে না। যে দল এখানে ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।’ 
 
প্রতিপক্ষ দলের শক্তির জায়গা সম্পর্কে ধারণা আছে জানিয়ে বাংলাদেশ যুবদলের কোচ বলেন, ‘ওদেরকে তেমন শক্তিশালী আমার কোনো দিক দিয়েই মনে হয়নি। তবে ব্যাটিংয়ে ওরা একটু পাওয়ার ক্রিকেট খেলে। বোলিংটা সেভাবে দেখার সুযোগ হয়নি।’
 
সর্বশেষ ম্যাচে বাংলাদেশ দলের যে কম্বিনেশন ছিলো নেপালের ম্যাচেও সেটাই থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে কোচ বলেন, ‘যেহেতু উইনিং কম্বিনেশন, সো আগের মতোই থাকতে পারে। এখন এটা নিয়ে আলোচনা হয়নি। ম্যাচের আগে মিটিংয়ে হয়তো চিন্তা করবো। বাড়তি অফস্পিনার খেলবে কিনা এটা আসলে এখন বলার সময় নয়।’ ডানহাতি পেসার আব্দুল হালিম সম্পর্কে যুবাদের এই কোচ বলেন, ‘আমরা হোম অ্যান্ড অ্যাওয়েতে যেসব ম্যাচ খেলেছি ও ভালো খেলেছে। অতটুকু ভরসা ওর উপর আমরা রাখছি। আর এটা এমন একটি টুর্নামেন্ট যেখানে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা যায় না। এখন যে অবস্থায় আমরা এসেছি এখানে একটি ম্যাচ বাজে খেললেই আউট। এজন্য পরীক্ষা করার সুযোগ অনেক নেই।’
 
এক প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘যতটুকু বোঝা যাচ্ছে ছেলেরা তেমন এক্সাইটেডও না। দেড় বছর আগে থেকেই এমন একটি ছবি ওদের সামনে তুলে ধরা হয়েছিলো। এখন এখানে এসে ছেলেরা সেই চাপ নিচ্ছে না। তারা স্বাভাবিকভাবেই আছে।’ স্টুয়ার্ট ল প্রসঙ্গে যুবাদের এই স্থানীয় কোচ বলেন, ‘স্টুয়ার্ট ল আমাদের এখানে পরামর্শক হিসেবে আছেন। যতটুকু যেভাবে সাহায্য করা যায় উনিও তা করছেন। বিশ্বকাপের আগে এখানে একমাস কাজ করে গেছেন। এখন উনি ছেলেদের ব্যাটিংয়ের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। এখানে আসলে অনেক কিছু পরিবর্তন করার কিছু নেই।’