অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। শুক্রবার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
শুরুটা দেখে শুনে করলেও বেশিক্ষণ আর নিজেদের সামলে খেলতে পারেনি নেপাল।
৫.২ ওভারে ওপেনার সুনারকে বোল্ড করে বিদায় দেন বাংলাদেশের পেসার সাইফ উদ্দীন। এরপরের ওভারেই ফিরে যান নতুন ব্যাটসম্যান কার্কি (১)। মেহেদী হাসান রানার বাউন্সার সামাল দিতে গিয়েও পারেননি তিনি।
নিজেকে নিচু করে সামাল দিতে গেলে ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে থাকা জয়রাজ শেখের হাতে। নেপালের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ২৯।
এর আগে শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বয়স বিতর্কে পড়া অধিনায়ক রাজু রিজাল।
‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলছে। অন্যদিকে নেপাল গ্রুপ ‘ডি’ থেকে রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনাল খেলছে।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার আব্দুল হালিমের পরিবর্তে খেলছেন বাহাতি পেসার মেহেদি হাসান রানা।
