ফুলবাড়ীতে জুয়া খেলায় হাতাহাতিতে একজন নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩২
দিনাজপুরের ফুলবাড়িতে জুয়া খেলায় সঙ্গীদের সাথে হাতাহাতি ঘটনায় আহত ফরিদ (২৫) মারা গেছেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত ফরিদ বিরামপুর উপজেলার জোয়ালকামড়া গ্রামের খলিল উদ্দিনের ছেলে। সে স্থানীয় স্টেশনপাড়া এলাকার মিনু মিয়ার মেয়েকে বিয়ে করে সেখানেই ঘর জামাতা হিসেবে বসবাস করে আসছিল। এ ঘটনায় পুলিশ পৌর শহরের স্টেশনপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে সাগর (২২) ও  আব্দুল আলীমের ছেলে রনি (২৪) কে আটক করেছে। 
 
আটক রনি জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় খাদ্য গুদামের পিছনে স্টেশনপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে সাগর (২২), মিনু মিয়ার ছেলে শাহীন (২৫), হায়দার আলীর ছেলে সুমন (১৯), আব্দুল আলীমের ছেলে রনি (২৪), শফিকুল (২৬) ও  বিরামপুর উপজেলার জোয়ালকামড়া গ্রামের খলিল উদ্দিনের ছেলে ফরিদ (২৫) তাস খেলতে বসে। খেলার এক পর্যায়ে সাগর ও ফরিদের মধ্য কথা কাটাকাটির হলে সাগর ফরিদকে কিলঘুষি মারে। এতে সে আহত হলে বাড়ি চলে যায়।
 
স্থানীয়রা জানান, আহত ফরিদের অবস্থা গুরুতর হলে বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার ভোর ৬টায় মারা ফরিদ মারা যায়।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, ফরিদ হোসেন নিহত হওয়ার ঘটনায় তাস খেলার দুই সহযোগীকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।