তাম্রলিপি প্রকাশনী গত নয় বছর ধরে মেলায় অংশ নিচ্ছে। এবারের মেলায় প্রায় ৬২টি গ্রন্থ প্রকাশ করবে তারা। এ প্রকাশনীর প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি বলেন, এবারের মেলা শুরু থেকেই জমে উঠেছে। মেলায় দর্শক কম বরং পাঠকই বেশি আসছেন। যারাই মেলায় আসছেন প্রত্যেকেই বই কিনছেন। এটা খুব ভালো লক্ষণ।
তিনি বলেন, প্রকাশকদের যেমনটি প্রত্যাশা ছিল এবার মেলা ঠিক তেমন। এটা খুব আশার কথা। মেলার সজ্জা ভালো। তাছাড়া অনেক জায়গা নিয়ে করায় মেলায় ভিড় হবে না।
গত তিনটি বছর রাজনৈতিক আন্দোলন বইমেলার বড় বাধা ছিল। এ বছর রাজনৈতিক পরিস্থিতি ভালো। তাই মেলা শুরু থেকেই জমে উঠেছে। আশা করছি এই সুন্দর ছিমছাম পরিবেশের মধ্যে দিয়ে যদি পুরো মাস কাটে তবে পাঠক-প্রকাশক সবার জন্যই তা মঙ্গল বার্তা বয়ে আনবে।
এবারের মেলার জন্য নিরাপত্তা ব্যবস্থা একটা বড় চ্যালেঞ্জ। একাডেমি কর্তৃপক্ষ বলছেন, তারা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। আমরা তাদের এ কথায় আশাবাদী।
