বিদায় নিচ্ছে ফায়ারফক্স ওএস

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪১
মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের (ওএস) দুনিয়ায় হোঁচট খেয়েছে জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের নির্মাতা মজিলা। আর তাই স্মার্টফোন ডিভাইসের জন্য ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের হালনাগাদ বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
 
কম্পিউটার ওয়ার্ল্ডের এক খবরে বলা হয়েছে, আগামী মে মাস থেকে এ অপারেটিং সিস্টেমের সফটওয়্যার ও নিরাপত্তা-সংক্রান্ত কোনো হালনাগাদ সুবিধা দেবে না মজিলা ফাউন্ডেশন।
 
তিন বছর আগে ঘটা করে স্মার্টফোনের জন্য ফায়ারফক্স অপারেটিং সিস্টেম উন্মোচন করা হয়। বৃহস্পতিবার মজিলার পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়।
 
ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের সঙ্গে জড়িত ডেভেলপারদের পাঠানো ইমেইলে বলা হয়, স্মার্টফোনের জন্য ফায়ারফক্স ওএসের ২.৬ সংস্করণের পর এটির ডেভেলপমেন্ট বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আগামী ২৯ মার্চ মার্কেটপ্লেসও বন্ধ করে দেওয়া হবে।
 
২০১৫ সালের ডিসেম্বর মাসের শুরুর দিকেই এই ঘোষণা দেয়া হয়। তখন মজিলার কানেকটেড ডিভাইসেসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যারি জাকসি জানান, স্মার্টফোনে ব্যবহারকারীকে চাহিদামতো অভিজ্ঞতা দিতে ব্যর্থ হয়ে ফায়ারফক্স ওএসের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েব প্ল্যাটফর্মে ফায়ারফক্স ওএস যে সুবিধা তৈরি করেছে তার জন্য আমরা গর্ব করি এবং ভবিষ্যতে ইন্টারনেট অব থিংস বা কানেকটেড ডিভাইসের ক্ষেত্রে এই ওএস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
 
ওই সময় তিনি আরও বলেন, আসল ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যার তৈরিতে আমরা যেভাবে কাজ করি ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য আমরা সেরকম সবকিছু তৈরিতে কাজ করব।
 
স্মার্টফোন অপারেটিং সিস্টেম বাজারে অ্যাপল ও গুগলের সঙ্গে টেক্কা দিতে না পেরেই নিজেদের সফটওয়্যারের সমর্থন বন্ধ করছে প্রতিষ্ঠানটি। মোবাইল ডিভাইসের জন্য এ অপারেটিং সিস্টেমটি উন্নয়ন করেছিল মজিলার সফটওয়্যার ডেভেলপাররা। ওপেন সোর্স হলেও ওএসটি গ্রাহক আকৃষ্টে ব্যর্থ হয়। অবশ্য স্বল্পসংখ্যক গ্রাহকের কাছে এটি জনপ্রিয় একটি প্লাটফর্ম ছিল।
 
২০১৩ সালে গিকফোন, পিক নামের দুটি ফোনের মাধ্যমে ফায়ারফক্স ওএসের যাত্রা শুরু হয়। পরে এই ওএস দিয়ে স্পাইস ফায়ার ওয়ান, এমআই-এফএক্স ২, অ্যালকাটেল ওয়ানটাচ ফায়ার সি, অরেঞ্জ ক্লিফ, ইনটেক্স ক্লাউড এফএক্স, ফায়ারফক্স ইউ ১০৫ প্রভৃতি নামের স্বল্পদামী ফোন বাজারে আসে। পরে এল এফএক্স ও কিছু এইচডিটিভিতে এই ওএস ব্যবহৃত হয়। কিন্তু এই অপারেটিং সিস্টেম জনপ্রিয় হয়নি।