সর্বশেষ গত অক্টোবরের ৩ তারিখ সেভিয়ার বিপক্ষে লা লিগার অ্যাওয়ে ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিল বার্সেলোনা। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ অপরাজিত এই লুইস এনরিকের বার্সা ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে পারে রবিবার লেভান্তের বিপক্ষে।
২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার বার্সেলোনা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছিল। লুইস এনরিকের বার্সা এই মৌসুমে ১৯৭৩-৭৪ মৌসুমের কিংবদন্তি তুল্য রাইনাস মিশেলের ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে ফেলেছে। রবিবার লা লিগার ম্যাচে লেভান্তেকে হারালে সেই রেকর্ডকে ছাড়িয়ে গার্দিওলাকে স্পর্শ করবেন এনরিকে।
লুইস এনরিকের বার্সা পেপ গার্দিওলার টিকিটাকা বার্সেলোনা থেকে ভিন্ন। এনরিকে বার্সা শুধু বলের দখল নিয়ে খেলা নয় বরং প্রয়োজনে ভয়ঙ্কর প্রতি আক্রমণে উঠে যেতে পারে। মেসি-নেইমার-সুয়ারেজ এর মত সেরা তিন ফরোয়ার্ড ও মিডফিল্ডে রাকিতিচ-বুসকেটস ও মায়েস্ত্রো ইনিয়েস্তার গতিশীল খেলায় সব ধরণের দলের বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সা।
গার্দিওলার বার্সা প্রথম মৌসুমে সম্ভাব্য ছয় শিরোপার সবগুলো জিতেছিল, এনরিকের বার্সা প্রথম মৌসুমে শুধু স্প্যানিশ সুপার কাপটি মিস করায় সেই রেকর্ড স্পর্শ করতে পারেনি। এখন দেখার অপেক্ষা গার্দিওলার এই রেকর্ডটি এনরিকের বার্সা স্পর্শ করতে পারে কী না! মার্কা।
