এসএ গেমসে ভারোত্তোলনে বাংলাদেশের আরেকটি পদক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৬
মোল্লা সাবিবার পর এসএ গেমসে পুরুষ বিভাগে ৬২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেন মুস্তাইন বিল্লাহ।  শনিবার ভারোত্তোলন ডিসিপ্লিন থেকে মোট চারটি ক্যাটাগরি থেকে দুটি পদক এল।
 
মুস্তাইন বিল্লাহ বলেন- খুবই ভালো লাগছে যে দেশের জন্য একটি পদক জিততে পেরেছি। তাছাড়া আমি প্রথম এসএ গেমসে পদক জিতলাম তাই ভালোই লাগছে যে খালি হাতে দেশে ফিরছি না। 
 
স্ন্যাচে ১০০ ও ক্লিন এন্ড জার্কে ১২৫ মোট ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ পান বিল্লাহ। এটি এসএ গেমসে বিল্লাহর প্রথম পদক জয়। এই ওজন শ্রেনীতে শ্রীলঙ্কার কুরুকুলা (১১৫ ও ১৫০) মোট ২৬৫ কেজি তুলে স্বর্ণ পান। আর নেপালের বিকাশ থাপা (১১২ ও ১৩০) মোট ২৪২ কেজি তুলে রৌপ্য পান। এই কাটাগোরীতে মোট ছয়টি দেশ অংশগ্রহণ করে।
 
এর আগে প্রথম পদক এনে দেন বাংলাদেশের অভিজ্ঞ ভারোত্তোলক মোল্লা সাবিরা। মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে ও  স্ন্যাচে ৬৩ কেজি এবং ক্লিন এন্ড জার্কে ৮০ কেজি মোট ১৪৩ কেজি উত্তোলন করে ব্রোঞ্জপদক জয় করেন সাবিরা।
 
ভারতের গৌহাটি ও শিলং এ চলছে ১২তম এসএ গেমস ২০১৬। উক্ত গেমসে ২৩টি ডিসিপ্লিনের মধ্যে অন্যতম ভারোত্তোলন।  গেমসের দ্বিতীয় দিন থেকে গৌহাটির ভোগেশ্বরী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ভারোত্তোলন ডিসিপ্লিনের খেলা। ভারোত্তোলনের প্রথম দিনে পুরুষ দুটি এবং মহিলা দুটি মোট চারটি ওজন শ্রেণির খেলা অনুষ্ঠিত হয়।