ইউপি নির্বাচনও হবে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ :নাসিম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৫১
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অবশেষে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে তারা সঠিক রাজনীতির পথে হাঁটতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে আগুন দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে সাধারণ মানুষের সমর্থন আদায় করা যায় না।
 
গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে নির্মাণাধীন ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স  ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
দেশের গণতন্ত্র ও দলকে সুসংহত এবং সংগঠিত করার স্বার্থেই স্থানীয় সরকারের তৃণমূলের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদের নির্বাচনও হবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সাথেই জনগণ রয়েছে। তার প্রমাণ সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়ে অতীতের ভুল স্বীকার করে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। জনগণ তাদের ক্ষমা করলে তারা ভোট পাবে। তিনি ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করে এ অঞ্চলের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন।
 
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন সুইট, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জান্নাত আরা হেনরী তালুকদার, সিভিল সার্জন ডা. প্রীতম্বর রায়, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।