মোবাইল ডিভাইসের কারণেই ছোট হয়ে আসছে বৈশ্বিক ল্যাপটপের বাজার। প্রত্যাশানুযায়ী মুনাফা অর্জনে ব্যর্থ হয়ে অনেক প্রতিষ্ঠানই ল্যাপটপ ব্যবসা গুটিয়ে নিচ্ছে। কিন্তু এখানো হাল ছাড়েনি বেশ কিছু প্রতিষ্ঠান। এদেরই একটি ইউরোকম করপোরেশন। কানাডাভিত্তিক কম্পিউটার নির্মাতা এই কোম্পানি ৬৪ জিবি র্যামের নতুন এক ল্যাপটপ উন্মোচন করেছে।
‘স্কাই এক্স৯ডব্লিউ’ মডেলের এই ল্যাপটপে আরও রয়েছে ৫ টেরাবাইট সলিড স্টেট ড্রাইভ এবং ছয়টি ইউএসবি পোর্ট।
স্কাই এক্স৯ডব্লিউ ল্যাপটপে ৩৮৪০–২১৬০ পিক্সেল রেজুলেশনের ১৭ দশমিক ৩ ইঞ্চি ফোরকে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ১৯২০–১০৮০ পিক্সেল রেজুলেশনের ফুল এইচডি ডিসপ্লে সংস্করণও পাওয়া যাবে।
কনফিগারেশনের দিক থেকে ল্যাপটপটিতে যেসব ফিচার রাখা হয়েছে, তা সাধারণত হাই-এন্ডের ডেস্কটপ পিসিতেও পাওয়া যায় না। এতে কোয়াড-কোর ইন্টেল কোর আই৭ স্কাইলেক-এস ৬৭০০কে এবং ইন্টেল জেড১৭০ এক্সপ্রেস স্কাইলেক চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ক্রেতারা ডিভাইসটির ইন্টেল কোর স্কাইলেক-এস আই৫-৬৬০০এল চিপসেট সংস্করণ কিনতে পারবে। এছাড়া ল্যাপটপটি পাওয়া যাবে ৮ গিগাবাইট এনভিডিয়া কোয়াড্র এম৫০০০এম, ৪ গিগাবাইট এনভিডিয়া কোয়াড্র এম৩০০০এম অথবা সিঙ্গেল ২০০ ওয়াড ডেস্কটপ সমমানের ৪ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৮০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট চিপসেটসহ। দীর্ঘ সময় কার্যক্ষম এবং ঠাণ্ডা রাখতে এর সঙ্গে আছে একাধিক কুলিং ফ্যান।
এতে নতুন আঙ্গিকের ইউএসবি ৩.১ টাইপ-সি পোর্ট, পাঁচটি ইউএসবি ৩.০ পোর্ট, একজোড়া মিনি ডিসপ্লে পোর্ট, এইচডিএমআই আউটলেট, একটি হেডফোন, দুটি আরএস৪৫ পোর্ট এবং ওয়াই-ফাই সংযোগ সমর্থন করবে।
ল্যাপটপটির সর্বনিম্ন কনফিগারেশন সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৩০ ডলার। এর সর্বোচ্চ কনফিগারেশনের সংস্করণটির জন্য গুনতে হবে ১১ হাজার ৪৭৩ ডলার।
