গাইবান্ধায় বাসচাপায় কলেজছাত্র নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৫
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট গার্লস স্কুল এলাকায় রবিবার দুপুরে বাসচাপায় আশিক মিয়া (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় এক পথচারীসহ তার সঙ্গে থাকা বন্ধু ইমরান (২৫) ও আবেদ (২৪) আহত হন।
 
আশিক মিয়া গাইবান্ধা শহরের থানাপাড়ার বাবু মিয়ার ছেলে ও গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।  আহত ইমরান ও আবেদকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, আশিক তার দুই বন্ধু  ইমরান ও আবেদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধা থেকে পলাশবাড়ী যাচ্ছিলেন। পথে ওই এলাকায় মোটরসাইকেলটি এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তারা ছিটকে সড়কের উপরে পড়ে যায়। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী দিগন্ত পরিবহনের একটি বাস আশিককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মারা যান আশিক।