পলিথিন তৈরির দুটি কারখানার সন্ধান, কোটি টাকার মালামাল জব্দ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৬
বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় রবিবার অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন তৈরির দুটি কারখানা সন্ধান পেয়েছে আমর্ড ব্যালিয়ন পুলিশ। এ সময় বিপুল পরিমাণ পলিথিনসহ পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
 
একই সঙ্গে পলিথিন তৈরির দায়ে দুই জনকে ১ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং বাড়িতে কারখানা স্থাপন করতে দেয়ায় বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্যাম্যমাণ আদালত। সেইসাথে কারখানা দুটি সিলগালা ও মালামাল জব্দ করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে ।
 
সাজাপ্রাপ্তরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার কালশুন গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে মিনার, পলিথিন কারখানার মালিক ফজলুল বারী ওরফে মরিস (৪৮)  এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আমিন, পলিথিন কারখানার ব্যবস্থাপক (ম্যানেজার ) মীর হোসেন । এছাড়াও বাড়ির মালিক জয়পুরপাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে আলহাজ্ব মোফাজ্জল হোসেন।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাকির হোসেন জানান, পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের অভিযোগে ২ জনকে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম জেল, নিজ বাড়িতে নিষিদ্ধ পলিথিনের কারখানা স্থাপন করতে দেয়ায় বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে উভয় কারখানায় উৎপাদিত প্রায় কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির জন্য মজুদকৃত কাঁচামাল জব্দ করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে । এছাড়াও কারখানা দুটি সিলগালা করে দেয়া হয়েছে।