বিদ্যুতের ‘বাড়তি অর্থ’ নবায়নযোগ্য জ্বালানিতে চান গভর্নর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪২
 
গ্রাহকদের কাছ থেকে বিদ্যুতের দাম বেশি নেয়া হচ্ছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান ওই অর্থের একটা অংশ দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকির প্রস্তাব দিয়েছেন। রবিবার ‘গ্রিন ব্যাংকিং’ নিয়ে এক আলোচনা সভায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে এ প্রস্তাব দেন তিনি।
 
তিনি বলেন, ‘আমাদের বিদ্যুতের দাম কিন্তু কমানো হয়নি। এখানে যে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে তার একটা অংশ নিয়ে একটি তহবিল গঠন করা যায়। ওই তহবিল থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি দিতে পারে।’
 

এই ভর্তুকির অর্থ ব্যয়ের বিষয়ে ধারণা দিয়ে গভর্নর বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি উত্পাদনকারী কোনো কোম্পানি যদি ব্যাংক থেকে ঋণ নেয়। ওই ঋণের সুদের ৫০ ভাগ যদি তহবিল থেকে ভর্তুকি হিসেবে পায় তাহলে ওই কোম্পানি উত্সাহিত হবে। এতে ব্যাংকেরও সমস্যা হবে না।’