ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাটে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম (৩৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালাম ওই উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের ধন মিয়ার ছেলে। তিনি ফুলগাজী উপজেলা যুবলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, রবিবার দুপুরে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উপজেলার জিএম হাট ইউনিয়নের নুরপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আবুল কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
