‘এরর ৫৩’ বিড়ম্বনায় আইফোন ব্যবহারকারীরা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৩
‘এরর ৫৩’ নামে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে আইফোনে। সফটওয়্যার হালনাগাদ করতে গেলে ‘এরর ৫৩’ লেখা বার্তা দেখাচ্ছে। এখানেই শেষ নয়, বার্তা প্রদর্শনের পর পরই সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়ছে অ্যাপল ডিভাইস।
 
এবারই প্রথম সমস্যাটি সামনে আসলেও বেশ আগে থেকেই এর মুখোমুখি হতে হচ্ছে ব্যবহারকারীদের। বিশেষ করে, অপারেটিং সিস্টেম যখন আইওএস-৯ এ আপগ্রেড করা হচ্ছে, তখনই অকেজো হয়ে যাচ্ছে হ্যান্ডসেট।
 
অ্যাপল ছাড়া তৃতীয় কেউ মেরামত করলেই এই সমস্যা দেখা দিচ্ছে। এ ব্যাপারে অ্যাপলের একজন মুখপাত্র জানান, যদি কোনো আইফোন অননুমোদিত কাউকে দিয়ে মেরামত করা হয়, তাহলে এর বেশ কিছু যন্ত্রাংশ সফটওয়্যার আপডেটের সময় সাড়া দেয় না। ফলে হ্যান্ডসেটটি অকেজো হয়ে পড়ে।
 
এ নিয়ে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, আপডেটের সময় হ্যান্ডসেটটি মেরামত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে নতুন সফটওয়্যারটি। আর যদি মেরামত করা হয়ে থাকে, তাহলে তা অ্যাপলের মাধ্যমে করা হয়েছে কি না, তাও শনাক্ত করে এটি।
 
এ ব্যাপারে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলো বলছে, সমস্যাটি এরই মধ্যে বিপুল সংখ্যক আইফোন ব্যবহারকারীর জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঠিক কত সংখ্যক আইফোন গ্রাহক এ সমস্যায় পড়েছে, তার সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।