হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলওয়ে গেটের অদূরে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার লাবু মিয়া (২০) ঝিনাইদহ সদর উপজেলার আদগোপালপুর গ্রামের আলম খন্দকারের ছেলে। দুর্ঘটনায় আহত চালকসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন জানান, আজ ভোরে ট্রেন যাওয়ার সময় রেলওয়ে গেটে সিগনাল পড়ে। এ সময় দাঁড়ানো অবস্থায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পেছনের আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক দু’টি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
