ঢাকার কেরাণীগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র আব্দুল্লাহ হত্যায় অভিযুক্ত মূল আসামি মোতাহার হোসেন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত মোতাহার হোসেন কেরাণীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের পশ্চিম মুগারচরের বাসিন্দা।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের সাবান ফ্যাক্টরির গলি সংলগ্ন চিতাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কেরাণীগঞ্জ র্যাব-১০ এর সিপিসি-২ ক্যাম্প কমান্ডার মো. মহিউদ্দিন আহম্মেদ জানান।
তিনি জানান, সোমবার ভোরে ঘন কুয়াশার মধ্যে দুইটি মোটরসাইকেল যোগে ৪/৫ জন চিতাখোলা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে কর্তব্যরত র্যাবের টহল সদস্যরা তাদের সন্দেহ হলে মোটরসাইকেল থামাতে বলেন। তারা মোটরসাইকেল না থামিয়ে র্যাবকে উদ্দেশ করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। র্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যরা পালিয়ে যান। পরে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, মৃতব্যক্তির বিস্তারিত পরিচয় না পাওয়ায় তার দেহ তল্লাশি করে একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগে তার জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায়, তিনি মোতাহার হোসেন বাড়ি কেরাণীগঞ্জের পশ্চিম মুগারচরে। তারপরই আমরা নিশ্চিত হই সেই আব্দুল্লাহ হত্যায় অভিযুক্ত মূল আসামি।
ওই র্যাব কর্মকর্তা ক্যাম্প কমান্ডার মহিউদ্দিন আরো জানান, লাশ ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
