গোবিন্দগঞ্জে দুই লাশ উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তরুণ দত্ত (৩৮) নামের এক ব্যবসায়ীর মাথা বিহীন লাশসহ মনিন্দ্রনাথ দাস (৪৬) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোড়ের বর্ধনকুটি এলাকার কালভার্টের নিচ থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তরুণ দত্ত গোবিন্দগঞ্জ শহরের মধ্যপাড়ার মৃত হিরেন দত্তের ছেলে। তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে হার্ডওয়ার ব্যবসা করতেন। 
     
স্থানীয়রা জানায়, সোমবার সকালে কলেজ রোড়ের বর্ধনকুটি এলাকার কালভার্টের নিচে মাথা বিহীন গলাকাটা রক্তাত্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ও ডোবার পানি থেকে মাথা উদ্ধার করে। 
 
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে তরুণ দত্ত প্রাতঃভ্রমণ করার জন্য আকাশি রংয়ের ট্রাকসুট ও পায়ে সাদা কেডস পড়ে বাসা থেকে বের হন। পরে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর দেহ থেকে তার মাথাটি কেটে ফেলে পাশের ডোবার পানিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 
 
তিনি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
 
অপরদিকে উপজেলার বামনকুড়ি কৈপাড়া গ্রামের মৃত রুপনারায়নের ছেলে মনিন্দ্রনামের লাশ গোবিন্দগঞ্জ হাসপাতালের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি নিজের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি ছিল। স্থানীয় লোকজন হাসপাতালের পাশে লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।