নড়াইলের পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে লতিফ মোল্যা (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাইয়েরা। মঙ্গলবার ভোর ৩টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে, জেলার সদর উপজেলার পেড়লী গ্রামে। নিহত লতিফ ওই গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, জমি-জমা নিয়ে রবিবার বিকেলে লতিফ মোল্যার (৩৫) সঙ্গে তার চাচাতো ভাই আজাদ, আনার, মনির, নূর আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা লতিফকে লাঠি দিয়ে মারপিট করে। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
