জিতলেই ফুটবলের সেমিতে বাংলাদেশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩২
ফুটবলে অনেকদিন ধরেই সাফল্য খরায় ভুগছে বাংলাদেশ। সাফের ব্যর্থতার পর সর্বশেষ ঘরের মাটিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল স্বাগতিকদের।
 
তবে এবার দেশের ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটাতে চায় ফুটবলারারা। সব ব্যর্থতাকে পেছনে ফেলে মঙ্গলবার ভুটানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে মরিয়া লাল-সবুজ জার্সীধারীরা। আর এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌছে যাবে গঞ্জালো মরেনো সানচেজের শিষ্যরা।
 
কারণ ‘বি’ গ্রুপে নেপালের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে ভুটান। এসএ গেমসের গত আসরে ঘরের মাটিতে স্বর্ণ জয় করেছিল বাংলাদেশ। সেই শিরোপা অক্ষুন্ন রাখার লক্ষ্য নিয়েই গত ৪ ফেব্রুয়ারি ভারতের গোহাটিতে আসেন ফুটবলাররা।
 
অনুশীলনের পুরোটা সময় জুড়েই ফুটবলারদের বেশ নির্ভার। গত আসরে স্বর্ণজয়ী দলের একমাত্র সদস্য অধিনায়ক রেজাউল করীম রেজা। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের টানা ব্যর্থতা ভুলে চলতি এ আসর নিয়েই ভাবতে চান, ‘আমরা যদি এখান থেকে সাফল্য নিয়ে ফিরতি পারি তবে আমাদের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ ধামাচাপা পরে যাবে। প্রথম ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। আমাদের ফোকাসটা সেদিকেই।’
 
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশ। ওই দলের ৯ সদস্য আছেন এসএ গেমসের অনূর্ধ্ব-২৩ দলে।তাই সেমির স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।