ভারতে সামাজিক ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে কীভাবে অতি জরুরি সামাজিক সমস্যাগুলোর সমাধান করা যায় সে বিষয়ে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পরামর্শ চাইলেন দেশটির শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
সোমবার মুম্বাইয়ে দিনব্যাপী এক সম্মেলনের একটি পর্বে তারা এ পরামর্শ চান। এ লক্ষ্যে টাটা’র বিভিন্ন কোম্পানি, বোস্টন কনসাল্টিং গ্রুপ, মাহিন্দ্র, ইয়েস ব্যাংক, জে পি মরগান ও গুগলের মতো নেতৃস্থানীয় কোম্পানিগুলো একটি অ্যাকশন ফোরাম গঠনের উদ্দেশ্যে একটি পর্বে যোগদান করে। সমাজের সমস্যা নিজেদের শক্তিতে সমাধান করার জন্য ভারতীয় তরুণদের উদ্বুদ্ধ করেন ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের অ্যাকশন ফোরামটি ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন করবে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলির স্ব-স্ব সামাজিক ব্যবসা উদ্যোগের মাধ্যমে এই অ্যাকশন প্ল্যান ভারতে কর্পোরেট সামাজিক দায়িত্বের একটি নতুন যুগ সূচনা করবে বলে ফোরামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আশা করছে। অংশগ্রহণকারীরা ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণে প্রফেসর ইউনূসের মূল্যবান অভিজ্ঞতা কাজে লাগাতে উদগ্রীব। টেকসই উপায়ে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে ভারতের নেতৃস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কর্তৃক তাদের বাধ্যতামূলক সিএসআর ফান্ড ব্যবহার করে সামাজিক ব্যবসা সৃষ্টির অভিপ্রায়কে অধ্যাপক ইউনূস অভিনন্দন জানান।
