খাদ্যে বিষক্রিয়ায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার পশ্চিম বাখাই গ্রামে শিল্পী আক্তার নামে এক শিক্ষিকার মৃত্যু ও ২০ জন অসুস্থ হয়েছে। সোমবার মেডিকেল টিমের দেয়া রিপোর্টে এ তথ্য জানা গেছে।
রবিবার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রাণেশ কুমার পণ্ডিতের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। খিচুরি থেকে এই ফুড পয়জনিং ছড়িয়েছে বলে মেডিকেল টিম শনাক্ত করেছেন। যারা খেয়েছেন তারা প্রথমে বমি, পাতলা পায়খানা আক্রান্ত হয়েছেন। পরে তাদের দেখতে আসা লোকজন ও আশ-পাশের বাড়ি গুলোতেও তা ছড়িয়ে পড়ে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিমল কুমার পণ্ডিত ইত্তেফাককে জানান, এটি কোন অজ্ঞাত রোগ নয়, এটি খাদ্যে বিষক্রিয়া হয়েছে।
