নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকির অভাবে পুনর্নির্মাণের ৮ দিনের মাথায় ভেঙে গেছে দেবীগঞ্জ-মাড়েয়া ভায়া পঞ্চগড় চিনিকল সড়ক। এ সড়কটির ১৭ কিলোমিটার সড়কে পিচ উঠে গেছে। কোথাও কোথাও পাথর ও বালু সরে গেছে। সঠিকভাবে কিউরিং ও রোলিং না করায় পুরো সড়কটি উঁচু-নিচু হয়ে গেছে। কোথাও কোথাও গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে।
সওজ সূত্রে জানা গেছে, গতবছর পঞ্চগড় চিনিকল ভায়া মাড়েয়া-দেবীগঞ্জ পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আঞ্চলিক সড়কটির ১৭ কিলোমিটার পুনর্নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে পাবনা জেলার ধ্রুব কন্সট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পান। ঠিকাদারী প্রতিষ্ঠান সওজর সঙ্গে ৬ কোটি ৮১ লাখ টাকার চুক্তিতে কাজ শুরু করে। চলতি বছরের ১২ জানুয়ারি কাজটি শেষ হলে পথচারী ও যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু ৮ দিনের মাথায় সড়কটির বিভিন্ন জায়গা ফুলে উঠে। প্রায় কয়েক কিলোমিটার সড়কে গর্ত ও ফাটলের সৃষ্টি হয়। নির্মাণের কয়েকদিন পরই সড়কের বেহাল অবস্থা দেখে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত বুধবার সওজ রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সড়কটি পরিদর্শন করেছেন।
এ বিষয়ে তথ্য কথা বলতে গিয়ে পঞ্চগড় সওজ অফিসে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে পঞ্চগড়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
