কুমিল্লায় ট্রাকে আগুন: কমতে শুরু করেছে দীর্ঘ যানজট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৭
 
কুমিল্লার কোরপাইয়ে কেমিক্যালবাহী ট্রাক উল্টে আগুন লাগার ঘটনায় ২০ কিলোমিটার জুড়ে সৃষ্ট যানজট কমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় দুর্ঘটনা কবলিত ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হলে যানচলাচল শুরু হতে থাকে।
 
এর আগে সকাল ছয়টায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কোরপাই এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কেমিক্যালবাহী ট্রাক উল্টে আগুন ধরে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ফোরলেন কাজের কারণে কোরপাই এলাকার একটি লেন বন্ধ করে অপর একটি লেনে যানবাহন চলছিল। ভোর ছয়টায় এসিড জাতীয় ড্রাম ভর্তি কেমিক্যালবাহী ট্রাক থেকে আগুনের ধোয়া উড়তে থাকলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়। এসময় মহাসড়কের ময়নামতি থেকে চান্দিনার কুটুম্বপুর এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
 
চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল আটটার দিকে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নেয়া হয়। কিন্তু যানবানের চালকরা এলোপাতাড়ি গাড়ি রাখার কারণে যানজট আরো দীর্ঘ হয়।
 
এদিকে দীর্ঘজট আটকে বিপাকে পড়ে এসএসসি ও সমমান পরীক্ষার্থীসহ পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।
 
চান্দিনা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক আবুল খায়ের জানান, আমি কুমিল্লা থেকে সকাল আটটায় রওয়ানা হয়ে সৈয়দপুর এলাকায় যানজটে আটকে যাই। প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থেকে অবশেষে উপায়ন্তু না পেয়ে পায়ে হেঁটে প্রায় ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সকাল পৌঁনে ১১টায় কেন্দ্রে পৌঁছি।
 
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির (সার্জেন্ট) হাসান জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়ি চলতে শুরু করলেও চালকদের আগে যাওয়ার প্রবণতায় যানজট কমেনি।
 
যান চলাচল শুরু করলেও রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ির চাপ কমেনি।