চাঁদাবাজি বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় ভাটা মালিকদের সংবাদ সম্মেলন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৪
চুয়াডাঙ্গার বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছেন ভাটা মালিক সমিতির নেতারা।
 
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব অভিযোগ করেন, ‘আমরা সরকারকে ভ্যাট, ট্যাক্স ও লাইসেন্স ফি ও সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবসা পরিচালনা করছি। কিন্তু সন্ত্রাসীদের চাঁদা না দিলে আমরা ব্যবসা করতে পারি না। এমনকি চাঁদা না দিলে শ্রমিকদের হত্যার করার হুমকি দেয়া হয়।
 
সমিতির জেলা সভাপতি আব্দুল মান্নান নাননু মিঞা বলেন, বিভিন্ন বাহিনীর নামে সন্ত্রাসীরা মোবাইল ফোনে চাঁদা দাবি করছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হচ্ছে না।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বজলুর রহমান, জিকজাক ইটভাটা মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান নান্নু, হাবিবুর রহমান লাভলু প্রমুখ।