অভিবাসন কখনই অবৈধ নয়: মিজানুর রহমান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৯
 
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘অভিবাসন কখনই অবৈধ নয়। সব অভিবাসনই বৈধ। রাষ্ট্রই মানুষের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া কঠিন করে তোলে।’
 
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে মানবপাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
 
মিজানুর রহমান বলেন, ‘পুঁজি এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে কোনো বাধা নেই। বরং সেটা কত দ্রুত সময়ে সেটা পাঠানো যায়, সেটাই করা হয়। কিন্তু মানবসম্পদের সহজ প্রবাহ নিশ্চিত করা হয়নি।’
 

তিনি বলেন, ‘আমাদের মূলধন হলো মানবসম্পদ। এ মূলধন যদি না রফতানি করতে পারি, সে জন্য নানা ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়।’ তিনি বলেন, রাষ্ট্রকেই মানুষের স্বাভাবিক চলাচলকে সহজ ও মানবিক করে তুলতে হবে। অভিবাসী শ্রমিকদের স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, সেটা আমাদের ভাবতে হবে।