চলমান এসএ গেমসে একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক জয়ের মধ্য দিয়ে এবারের মিশন শেষ করলো বাংলাদেশ ভারোত্তোলন দল। ভারতের
গৌহাটি ও শিলং শহরে চলছে ১২তম এসএ গেমস ২০১৬। মঙ্গলবার শেষ হলো চারদিন ব্যাপী ভারোত্তোলন ইভেন্টের খেলা। পুরুষ আটজন এবং মেয়ে সাতজন মোট ১৫ জন ভারোত্তোলক অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। সাতজন মেয়ের মধ্যে পদক পেয়েছে পাঁচজন। আর আট ছেলের মধ্যে পদক পেয়েছে একজন।
গেমসে ভারোত্তোলন ডিসিপ্লিনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন মাবিয়া আক্তার সিমান্ত। উল্লেখ্য এবারের আসরে বাংলাদেশ প্র্রথম স্বর্ণ পদক পায় ভারোত্তোলনে। মেয়েদের মধ্যে রোকেয়া সুলতানা সাথী ৬৯ কেজি এবং ফুলপতি চাকমা ৫৮ কেজিতে রৌপ্য পদক জয় করেন। এছাড়া, মোল্লা সাবিরা সুলতানা ৪৮ কেজিতে এবং ফিরোজা পারভীন ৭৫ কেজিতে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জয় করেন। আর ছেলেদের মধ্যে একমাত্র ব্রোঞ্জ পদক পান ৬২ কেজি ওজন শ্রেণিতে মোস্তাইন বিল্লাহ।
বাংলাদেশ ভারোত্তোলন দলের ফলাফল নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানান- মেয়েদের বেশ ভালো উন্নতি হয়েছে। আমরা সাত মেয়ের মধ্যে স্বর্ণসহ মোট পাঁচটি পদক পেয়েছি। আর ছেলেদের বিভাগ থেকে পেয়েছি মাত্র একটি ব্রোঞ্জ। প্রায় আমাদের সবার নিজ নিজ ক্যাটাগরিতে উন্নতি হয়েছে। কেউ কেউ অল্পের জন্য পদক পায়নি।
আরো কিছু পদক পাওয়ার আশা থাকলেও সবমিলে যা হয়েছে তাতে আমরা খুশি বলেও জানান তিনি।
