শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে মঙ্গলবার মোল্লা গোষ্ঠি ও সরকার গোষ্ঠির মধ্যে জমি দখল নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১৫ জনকে শাহজাদপুর, সিরাজগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন আব্দুল আলিম (৩৬), হাসান (৩২), আরিফ (২৮), জলিল (৭০), আয়শা (৬০), সাইফুদ্দিন (৬০), রাজ্জাক (৬০), ঠান্ডু (৪৫), লাবনী (১৩), হাসনা (৫৫), পরিস্কার বানু (৫৫), বাগানী বেগম (৪৫), সাফিয়া (৩০), খালেক (৪০), রফিকুল (৩৫), আসুদা (৩২), তানিয়া (২৮), লক্ষী (৪৫), নাহার (৩২), টুনু মিয়া (৩৮)।
জানা যায়, নন্দলালপুর গ্রামের সরকার গোষ্ঠির আহম্মদ আলীর সঙ্গে মোল্লা গোষ্ঠির আব্দুল জলিলের মধ্যে একটি বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে এদিন সকালে আহম্মদ আলীর লোকজন ওই জায়গায় ঘর তুলতে যায়। এ সময় আব্দুল জলিল মোল্লার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের ১০ বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলা দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
