টঙ্গীতে উত্তর বলে দেয়ায় শিক্ষকের কারাদণ্ড

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৭
এসএসসি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের উত্তর বলে দেয়ায় গাজীপুরের টঙ্গীতে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার দিন টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান জানান। দণ্ডপ্রাপ্ত ওবায়দুর রহমান গাজী  স্থানীয় নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
 
তারিক হাসান জানান, শহীদ স্মৃতি হাই স্কুল কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন ওবায়দুর রহমান। বেলা সোয়া ১১টার দিকে বাইরে থেকে কাগজে লিখে আনা উত্তর দেখে পরীক্ষার্থীদের বলে দিচ্ছিলেন তিনি। এ সময় কেন্দ্র পরিদর্শনে যাওয়া গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।