মুক্তাগাছায় জুয়াড়ি গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩৮
ময়মনসিংহের মুক্তাগাছায় জুয়াড়ি গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও ও টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তুঘলগি কান্ড ঘটানো হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ পর্যন্ত এ ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের পাড়াটঙ্গি এলাকা থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে নিয়ে আসে। মাসোহারা দেয়ার পরও কেন গ্রেফতার করা হলো এমন দাবী তুলে এর প্রতিবাদে রাত সাড়ে ৯টায় থানা ঘেরাও করে কিছু সংখ্যক সরকার দলীয় নেতাসহ জুয়াড়িদের পক্ষের কয়েকশ লোক। এ সময় তারা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক  এক ঘন্টা অবরোধ করে রাখে।
শহরের পাড়াটঙ্গী এলাকার সাইদুল মঞ্জিলে জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ৯টায় মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা জুয়া খেলার অভিযোগে বাসার মালিক সাইদুল ইসলাম, আঃ রহমান, রুবেল ও মামুনসহ ৬জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েকশ লোক মুক্তাগাছা থানা ঘেরাও করে।
এ সময় তারা রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। পরে সংশ্লিষ্ট এলাকার পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের অনুরোধে বাড়ির মালিক সাইদুরকে ছেড়ে দেয়ার প্রেক্ষিতে অবরোধ উঠিয়ে নেয়।

মুক্তাগাছা থানার উপ-পরির্দশক সাইদুল ইসলাম  বলেন, জুয়া খেলারত অবস্থাতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।