৪ জিবি র‍্যামে ফিরছে গ্যালাক্সি এ৯

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৪
বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রভাবশালী প্রতিষ্ঠান স্যামসাং। নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন ও অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইস সরবরাহের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে বাজিমাত করে আসছে প্রতিষ্ঠানটি। ডিভাইস বিক্রির দিক থেকে স্মার্টফোন বাজারের শীর্ষ অবস্থানও দখলে এ প্রতিষ্ঠানের। অবশ্য শীর্ষ অবস্থানে থাকলেও আয়ের দিক থেকে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের চেয়ে পিছিয়ে রয়েছে। একমাত্র আইফোন দিয়েই স্মার্টফোন বাজারের সিংহভাগ মুনাফা ঘরে তুলছে মার্কিন প্রতিষ্ঠানটি। অ্যাপলকে টেক্কা দিতে প্রতি বছর একাধিক স্মার্টফোন বাজারজাত করছে স্যামসাং। এরই অংশ হিসেবে গ্যালাক্সি এ৯ প্রো আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
 
গত বছরের শেষ দিকে গ্যালাক্সি এ৯ উন্মোচন করে স্যামসাং। এই ডিভাইসটি সাড়া জাগানোয় এরই উন্নত সংস্করণ গ্যালাক্সি এ৯ প্রো আনার ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠান।
 
গ্যালাক্সি এ৯ প্রো’র কোড নেম দেয়া হয়েছে এসএম-এ৯১০০। এতে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে। এতে প্রসেসর হিসেবে কোয়ালকমের ১.৮ গিগাহার্জের অক্টা কোর এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমালো ব্যবহার করা হবে।
 
ফোনটিতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হতে পারে আর এতে ৩২ জিবি বিল্ট ইন মেমোরি থাকতে পারে। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 
 
এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ১৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
 
গ্যালাক্সি এ৯ স্মার্টফোনে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছিলো। নতুন সংস্করণেও একই মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে।
 
ডিভাইসটির আর বিশেষ কোনো তথ্য জানা যায়নি।