নীলফামারীতে দুই লাশ উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৯
নীলফামারীতে পৃথক ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী এবং নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ দুইটি উদ্ধার করা হয়।
 
জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভীহাট গ্রামের মৃত বাচ্চা মাহমুদের ছেলে কাঁচামালের ব্যবসায়ী খবের আলী (৫৫)। স্বামী নিখোঁজ জানিয়ে ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওই ব্যবসয়ীর দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার থানায় একটি জিডি করেন। এ অবস্থায় বুধবার সকালে খবের আলীর লাশ উদ্ধার করা হয় উপজেলা পরিষদের হলরুমের পেছনের বারান্দা থেকে। 
 
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, লাশের সুরত হাল অনুযায়ী শরীরে বিভিন্ন স্থানে আঘাতের ও গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন পাওয়া গেছে।  
 
অপর ঘটনাটি ঘটে ডিমলা উপজেলার ঝুনাগাছ ইউনিয়নের তিস্তার চর সোনাখুলী গ্রামে। গ্রামের মৃত ঝুমুর আলীর মেয়ে স্থানীয় শালতলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী মৌসুমী আক্তার (১২)। সে তার মা তারা বানুর কাছে  গাইড বই ও এক সেট নতুন জামা কিনে দেয়ার জন্য বায়না করে। কায়িক শ্রমিক মা এসব কিনে দিতে না পারায় মৌসুমী ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এসব তথ্য মৌসুমীর ভাই রফিকুল ইসলাম (২৬) লিখিতভাবে ডিমলা থানায় জানিয়েছেন। 
 
ডিমলা থানার ওসি রুহুল আমিন খাঁন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।