শেরপুরের শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাইদ চিতা বাঘের হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার জালকাটা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আবু সাইদকে প্রথমে শ্রীবরদী এবং পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীবরদী থানার ওসি এস আলম জানিয়েছেন, ভোরের কোনো এক সময় সীমান্তের পাহাড়ি এলাকা থেকে এসে জালকাটায় একটি পানির পাম্পের ঘরে আশ্রয় নেয় চিতা বাঘটি। খবর পেয়ে মেয়র ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় চিতা বাঘটি তার উপর হামলা চালায়। এ ঘটনার পর গ্রামবাসীরা চিতা বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে বলেও জানান তিনি।
