নওগাঁর মান্দায় নিখোঁজের নয় দিন পর মমতাজ হোসেন (৪৭) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে ফতেপুর এলাকার ছোটবাজ পুকুরের পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মমতাজ হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
নিহত মমতাজ হোসেনের ছোটভাই ইনতাজ হোসেন জানান, মমতাজ হোসেন ফতেপুর গ্রামের তৈয়বুর রহমানের চাষকৃত পুকুরে পাহারাদারের কাজ করতেন। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে পুকুরের উদ্দেশ্যে বেরিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে ওই পুকুরের পাড়ে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়।
পুকুরপাড়ের বাসিন্দা মনোয়ারা বিবি জানান, সকাল ১০টার দিকে শুকনো পাতা ঝাঁড়ু দেয়ার জন্য পুকুরপাড়ে যান। কাজের এক পর্যায়ে লাশটি দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
পুকুর মালিক তৈয়বুর রহমান দাবি করেন, মমতাজ হোসেনের মানসিক সমস্যা ছিল। সে জন্যেই মাঝে মধ্যেই নিরুদ্দেশ হতেন। সে দিন নিরুদ্দেশ হওয়ার পর তিনি মনে করেন আবার ফিরে আসবেন মমতাজ হোসেন। সে জন্যেই থানায় কোনো সাধারণ ডায়রি করা হয়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত মমতাজের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলে তিনি জানান।
