উল্কাপাতে মানুষ মারা যাওয়ার দাবি নাকচ করল নাসা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৮
ভারতের তামিল নাড়ুতে উল্কাপাতে একজন নিহত হওয়ার দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা দাবি করেছিলেন, উল্কার আঘাতে ভেলোরে এক বাস ড্রাইভার নিহত হয়েছেন।
 
নাসার বিজ্ঞানীদের দাবি, মাটিতে থাকা কোন কিছুর বিস্ফোরণে ওই ব্যক্তি নিহত হয়েছেন। বিজ্ঞানীরা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, অনলাইনে ঘটনাস্থলের ছবি দেখে মনে হয়েছে মহাশূন্যের কোন বস্তুর আঘাতে নয় বরং মাটিতে থাকা কোন কিছুর বিস্ফোরণ ঘটেছে সেখানে।
 
গত শনিবার ভেলোরের একটি বেসরকারি কলেজে এই রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে পাঁচ ফুট গভীর ও দুই ফুট চওড়া একটি গর্ত সৃষ্টি হয়েছে। এর আশপাশের থাকা গাড়ি ও ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে কালো রঙয়ের একটি পাথর উদ্ধার করেছে পুলিশ।
 
নাসার বিজ্ঞানী লিন্ডলে জনসন যুক্তরাষ্ট্রের দৈনিকটিকে জানান, উল্কাপাতে মানুষ মারা যাওয়ার ঘটনা এতোটাই বিরল যে, পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন ঘটনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। ২০১৩ সালে রাশিয়ায় উল্কাপাতে মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছিল। তবে উল্কার আঘাতে মানুষ আহত হওয়ার বিষয়টিও অত্যন্ত বিরল ঘটনা। সূত্র: হিন্দুস্তান টাইমস