ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৩
 
ভারতে এ বছর অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে আসা নিশ্চিত নয় ওয়েস্ট ইন্ডিজের। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে সব দলই যখন নিজেদের দল গোছাতে ব্যস্ত তখন নতুন করে আবার সংকট দেখা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে।
 
চুক্তি নিয়ে জটিলতার জেরে ওয়েস্ট ইন্ডিজ দলের আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে অংশগ্রহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন চুক্তিতে বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি), এমন অভিযোগ দলটির ক্রিকেটারদের। এসব জটিলতা দ্রুত নিরসন না হলে খেলোয়াড়েরা আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের মত সিদ্ধান্তেও যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
 
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লিউআইসিবি) লেখা এক চিঠিতে এমন হুমকিই দিয়েছেন ২০১৪ সালের শিরোপা জয়ী দলের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ পায় প্রতিটি দলই। এত দিন আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সেই অর্থ থেকে ২৫ শতাংশ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা পেতেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের যে আর্থিক প্রস্তাব দিয়েছে, তাতে খেলোয়াড়েরা কম পাবেন বলে দাবি করা হয়েছে। নতুন চুক্তিতে ২০ শতাংশেরও কম পাবেন অনেকে। কেউ কেউ হয়তো পাঁচ শতাংশও পাবেন।
 
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক ড্যারেন স্যামি ক্রিকেট বোর্ডের কাছে লেখা এক চিঠিতে এই সমস্যার কথা উল্লেখ করে সমস্যাটির দ্রুত সমাধান চেয়েছেন। পুরো দলের তরফ থেকে লেখা সেই চিঠিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যে আর্থিক প্রস্তাব তাঁরা পেয়েছেন, সেটা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয়। চিঠিতে স্যামি জানান, 'আমি ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ১৫ সদস্য বিশিষ্ট দলের প্রতিনিধি হিসেবে এই চিঠি লিখছি।'
 
স্যামি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বর্জনের ব্যাপারে এখনই কিছু না বললেও পুরো ব্যাপারটির দ্রুত সমাধান না হলে সেই শঙ্কাটাও রয়ে যাচ্ছে। চিঠির শেষ দিকের একটি বাক্যে পরোক্ষভাবে এমন ইঙ্গিত দেয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে, 'আমরা ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাই। তবে সেটি পূর্ববর্তী টুর্নামেন্টের সমান সুবিধা নিয়েই। বিশ্বকাপের কার্যক্রম শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। তাই দয়া করে দ্রুত বিষয়টি জানাবেন।'
 
এদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মিচেল মুরহেড জানিয়েছেন, আর্থিক প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক স্যামি যে অভিযোগগুলো এনেছেন, সেটা সত্য নয়। তিনি আশা করেন আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের খেলোয়াড়েরা তাদের চুক্তির কাগজপত্র সই করে বোর্ড বরাবর জমা দেবে। প্রিয়।