টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয় দুই ঠিকাদারের বিরোধ মীমাংসার জন্য এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে থানায় ডেকে নিয়ে ‘নির্যাতনের’ প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার বিকালে উপজেলার গোহালিয়াবাড়ীর জোকারচর বাসস্ট্যান্ডে কয়েকশ মানুষ টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বঙ্গবন্ধুসেতু থানার ওসি মো. আখেরুজ্জামান ঘটনাস্থলে এসে ওই ঘটনার সুষ্ঠু প্রতিকারের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।
গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউল আলম তালুকদারকে গত ৬ ফেব্রুয়ারি থানায় ডেকে নিয়ে পুলিশ নির্যাতনে করে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
ইউনিয়ন গ্রামপুলিশ সুনীল চন্দ্র বলেন, শুকুর মাহমুদ ও আরিফুল ইসলাম নামের দুজন ঠিকাদারের বিরোধ মেটানোর জন্য এসআই মানিক চন্দ্র দে শনিবার চেয়ারম্যানকে থানায় ডেকে নিয়ে যান। তিনি থানায় গেলে কথোপকথনের এক পর্যায়ে পরিদর্শক (তদন্ত) বদরুল আলম খান চেয়ারম্যানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে এসআই মানিক চন্দ্র দে চেয়ারম্যানকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় এবং কয়েকজন কনস্টেবল চেয়ারম্যানকে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার চালায়। চিৎকার শুনে উনার গাড়ি চালক আব্দুল কাদের ও আমি গিয়ে তাকে নিয়ে আসি।
তবে কালিহাতী থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী বলেন, থানার ভেতরে চেয়ারম্যানকে কোনো নির্যাতন করা হয়নি। শুধু কথা কাটাকাটি হয়েছে।
